সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর ও ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় একজন কাভার্ড ভ্যানের চালক ও এক স্কুলছাত্র নিহত হয়েছেন৷ আহত হয়েছেন বাসের চালকসহ কমপক্ষে পাঁচজন৷
নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কাজীরপাড়া এলাকার দাদু মিয়া (৪০) ও নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামের আবদুর রশিদের ছেলে সমির আহম্মেদ (১৪)৷ সমির বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত৷
কালিয়াকৈর থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলগামী আহম্মেদ পার্সেল সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়৷ ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক দাদু মিয়ার মৃত্যু হন৷ আহত হন বাসের চালকসহ কমপক্ষে পাঁচজন৷
প্রত্যক্ষদর্শী ও নবাবগঞ্জ থানার পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্কুলছাত্র সমির মাঝিরকান্দায় শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে করে মোটরসাইকেলে করে বান্দুরায় বাসার দিকে রওনা হয়৷ মহব্বতপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়৷ এতে গুরুতর আহত হয় সমির৷ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়৷