সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের চাপায় শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমনের এক যাত্রী নিহত ও আহত হয়েছে তিনজন। গতকাল রোববার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তার কাছে পূর্ব হাশামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ফুকরা বাজার এলাকায় মাইক্রোবাসের চাপায় রুবিয়া বেগম (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। ভাঙ্গা থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে একটি নছিমনে করে চারজন ব্যবসায়ী চান্দ্রার পুলিয়া থেকে ভাঙ্গা উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস নছিমনটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নছিমনটি সড়কের পাশে খাদে পড়ে যায়। নছিমনের যাত্রী কাঁচামাল ব্যবসায়ী শওকত মুন্সি (৫০) ঘটনাস্থলেই নিহত হন। নছিমনের চালকসহ আহত চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।কাশিয়ানি উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কবিরুল ইসলাম বলেন, রোববার সকাল নয়টার দিকে ফুকরা বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কটি পার হওয়ার সময় একটি মাইক্রোবাস রুবিয়া বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।রুবিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই স্থানে স্প্রিড ব্রেকার দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে।