সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
শেরপুর শহরে ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
শেরপুর সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় একটি মালবোঝাই ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী আবদুল মতিনের (৪০) মৃত্যু হয়৷ অপর ছয়জন আহত হন। মতিন জেলার শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। আহত ব্যক্তিদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান গতকাল বিকেলে জানান, মতিনের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সকালে তপন পাল (৬০) শ্রীমঙ্গলের চৌমোহনা এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন৷ মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের নেওয়ার পথে তপনের মৃত্যু হয়। তাঁর বাড়ি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রূপসপুর গ্রামে।