সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারীপাড়া মহল্লার দীপক হালদার (৪২) ও একই মহল্লার জাকারিয়া হোসেন (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে সিরাজগঞ্জ থেকে মাছ ব্যবসায়ীদের নিয়ে একটি পিকআপ ভ্যান তাড়াশের মহিষলুটি মাছের আড়তে যাচ্ছিল। ভোর সাড়ে ছয়টার দিকে মহিষলুটি এলাকায় পৌঁছালে নাটোরের বনপাড়া থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের বডি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী দীপক নিহত এবং জাকারিয়া, মানিক মিয়া ও কৃষ্ণ কুমারসহ ছয়জন আহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে জাকারিয়া মারা যান।