সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার বগুড়ায় বাবু মিয়া (২৬) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় চৈতন বাসফোড় (২৫) নামের দুই পথচারী নিহত হয়েছেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বলেন, বগুড়ার চারমাথা টার্মিনাল এলাকায় বাসযাত্রীদের কাছে অর্থ-সাহায্য চাইতে এসেছিলেন বাবু মিয়া। সকাল সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় সেখানে হরতালের টহল পুলিশ বেপরোয়া গতির পিকআপটিকে থামাতে বললে চালক গাড়ির গতি আরও বাড়িয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ পিকআপটিকে ধাওয়া করে।
সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, টহল পুলিশের আরেকটি দল শহরতলির মাটিডালি মোড়ে ব্যারিকেড দিয়ে পিকআপটিকে আটকানোর চেষ্টা করলে তা ভেঙে পালাতে থাকেন চালক ও তাঁর সহকারী। একটু পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) আরেকটি দল নওদাপাড়া এলাকায় ব্যারিকেড দেয়। কিন্তু সেটাও ভেঙে পুলিশকে ধাক্কা মেরে পিকআপ নিয়ে রংপুর অভিমুখে পালিয়ে যেতে থাকেন চালক। এরপর গোয়েন্দা পুলিশ পিকআপের চাকা লক্ষ্য করে চারটি গুলি ছুড়লে টায়ার ফেটে যাওয়ায় পিকআপ ফেলে চালক আবদুল হামিদ ও তাঁর সহকারী মাসুদ দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁরা পুলিশের হাতে ধরা পড়েন। আহত চালককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত বাবু মিয়া বগুড়া শহরতলির বড় কুমিড়া এলাকার আবু তাহেরের ছেলে। ময়নাতদন্ত শেষে বাবু মিয়ার লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুসলিমপুরে নাচোল-আমনুরা সড়কে সকালে বাসচাপায় চৈতন বাসফোড় নিহত হয়েছেন। তিনি মুসলিমপুরের নকুল বাসফোড়ের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসির উদ্দীন বলেন, সকাল পৌনে নয়টার দিকে নাচোল-আমনুরা সড়কের মুসলিমপুরে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসের চাপায় চৈতন বাসফোড় গুরুতর আহত হন। প্রথমে তাঁকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি।