সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আরও দুজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর ও ওয়ারি থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন আবদুল হান্নান (৪৫) ও সালাউদ্দিন (৪৫)। একটি ঘটনায় পুলিশ গাড়িসহ চালককে আটক করেছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জাহেরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে বিমানবন্দর গোলচত্বরে রাস্তা পার হওয়ার সময় আবদুল হান্নানকে টঙ্গীগামী তুরাগ পরিবহনের একটি মিনিবাস ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান। পুলিশ ওই মিনিবাসসহ চালক আজিজুল হককে আটক করেছে। মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, নিহত হান্নান পরিবার নিয়ে সাভারের নবীনগরে থাকতেন। তাঁর বড় ছেলে জামিল আহমেদকে বিমানবন্দর কাউলায় একটি মাদ্রাসায় দিয়ে বাসায় ফিরছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় আহত সালাউদ্দিন নামের এক ব্যক্তি আজ সকালে হাসপাতালে মারা যান। গতকাল শুক্রবার সকালে ওয়ারি থানার টিকাটুলি মোড়ে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি রাজধানীর লালবাগ এলাকায় থাকতেন। কাঁচপুরে একটি পোশাক কারখানার তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

দুজনের অপমৃত্যু: রাজধানীতে আজ দুজনের অপমৃত্যু হয়েছে। মো. হাফিজ (৩০) নামের এক শ্রমিক দুপুর ১২টার দিকে গুলশান-১ নম্বরে নয়তলার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মারা যান। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামে। গুলশান থানার এসআই সাব্বির রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকার এক বাসা থেকে রোকসানা আক্তার (১৮) নামের এক পোশাক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদপুর থানার এসআই কামরুজ্জামান সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। রোকসানার গ্রামের বাড়ি নেত্রকোনায়। তাঁর বাবার নাম মনজু মিয়া।