সড়ক দুর্ঘটনায় দুটি স্থানে নিহত ৪
নরসিংদী ও টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নরসিংদী: নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক সদর উপজেলার ঝাউতলা এলাকার মিন্টু মিয়া (৩০) ও অজ্ঞাতনামা নারী (২৭) ও অজ্ঞাতনামা পুরুষ (৩৫)। গতকাল সকাল পৌনে আটটার দিকে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল (টাঙ্গাইল): টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী থানার সামনে গতকাল ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল জুব্বার (৪৩)। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস আলী মিয়া জানান, টাঙ্গাইল সদর উপজেলার পাঁচবেতর গ্রামের হাজি মারফত আলীর ছেলে আবদুল জুব্বার কালিহাতীতে অবস্থিত এয়ারটেল মোবাইল ফোন কোম্পানির টাওয়ারে কর্মরত ছিলেন। গতকাল বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি হাইড্রোলিক ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।