সড়ক দুর্ঘটনায় নব দম্পতিসহ নিহত ৮
সিরাজগঞ্জ, ফরিদপুর, যশোরের অভয়নগর ও চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবদম্পতি ও পুলিশের এক কনস্টেবলসহ আটজন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: গতকাল সকালে নবদম্পতি ফরহাদ (৩০) ও তাঁর স্ত্রী মুন্নী (২২) মোটরসাইকেলে করে জামালপুর থেকে রংপুর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ীর সীমান্তবাজার নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিহত দম্পতির বাড়ি রংপুরের নতুন রেডিও স্টেশনপাড়ায়। ফরহাদ হোসেন জামালপুর কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন।ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী বাসের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ফরিদপুর সদরের গেরদা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আবদুুর রব (৪০) নিহত হন। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।অভয়নগর (যশোর): উপজেলার তালতলা মাইলপোস্ট নামক স্থানে গতকাল ভোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল শেখ জিল্লুর রহমান (৩৫) ও লিথি মণ্ডল (১৪)। আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আবদুল মালেক (৩৫) ও অজ্ঞাত (৩৪) একজনের মৃত্যু হয়।নিহত জিল্লুর রহমানের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা গ্রামে। লিথি মণ্ডল খুলনার বিএল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক কার্তিক মণ্ডলের মেয়ে। তাঁর গ্রামের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামে। আবদুল মালেকের বাড়ি রংপুর সদর উপজেলার পূর্ব কামালকাছনা গ্রামে।হাজীগঞ্জ (চাঁদপুর): দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস দুটির ২৫ জন যাত্রী আহত হয়েছে। নিহত শাহাদাত হোসেনের (১৮) বাড়ি হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামে।