সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ছয়জনের প্রাণহানি
গোপালগঞ্জের সদর উপজেলায় গতকাল মঙ্গলবার বাসচাপায় মোটরসাইকেলের আরোহী নবদম্পতি নিহত হয়েছেন। এর প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরকান্দি এলাকায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ ছাড়া গতকাল বাগেরহাট সদর উপজেলায় বালুবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী তিন কিশোর প্রাণ হারিয়েছে।
এর আগে গত সোমবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রলির ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের এক চালক নিহত হন।
গোপালগঞ্জে নিহত দম্পতি হলেন সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মো. খালিদ শেখ (২৮) ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (১৮)। গত ২১ নভেম্বর তাঁদের বিয়ে হয়। সুরাইয়া গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তাঁরা বাবার বাড়ি সদর উপজেলার পাইকান্দি গ্রামে।
নিহত খালিদের মামা হান্নান শেখ বলেন, খালিদ সৌদি আরবে ছিলেন। এক মাস আগে তিনি দেশে ফেরেন। সুরাইয়ার অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। গতকাল পরীক্ষা শেষ করে তাঁরা দুজন মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। বেলা সোয়া একটার দিকে বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে একটি বাস তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়।
দুজন প্রত্যক্ষদর্শী বলেন, পেছন থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটি চাপা দিয়ে দ্রুতগতিতে চলে যায়। ঘটনাস্থলেই খালিদ শেখ ও সুরাইয়া মারা যান। এ ঘটনার পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। গোপালগঞ্জের এএসপি মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে সদর উপজেলার বিজয়পাশা এলাকায় দোলা পরিবহনের বাসটি পাওয়া গেছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
এদিকে, সোমবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সহস্রাইল-রূপাপাত সড়কে কাটাগড় গ্রামের সাত ভাইয়ের বাড়ির সামনে ট্রলির ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের চালক জয়নাল মোল্লা (৬০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ভ্যান নিয়ে রূপাপাত বাজারে যাচ্ছিলেন জয়নাল মোল্লা। কাটাগড় গ্রামের সাত ভাইয়ের বাড়ির সামনে একটি ট্রলি পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। জয়নাল মোল্লা ঘটনাস্থলেই মারা যান।
গতকাল বেলা ১১টার দিকে বাগেরহাট-রূপসা পুরোনো সড়কের রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী তিন কিশোর নিহত হয়েছে। তারা হলো সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আফরা গ্রামের আনাম জমাদ্দারের ছেলে তান্না জমাদ্দার (১৭) ও খলশী গ্রামের সুভাষ দাসের ছেলে অমিত দাস (১৭)। নিহত অপর কিশোর মো. সাকিবের (১৫) বাড়ি কিশোরগঞ্জ জেলায়। সে যাত্রাপুর ইউনিয়নের মশিদপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে এসেছিল।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান বলেন, যাত্রাপুরের আফরা গ্রাম থেকে ওই তিনজন মোটরসাইকেলে বাগেরহাট শহরে যাচ্ছিল। রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজের কাছে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে তান্না ও সাকিবকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে অমিতকে খুলনা থেকে অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল পাঁচটার দিকে গোপালগঞ্জে তার মৃত্যু হয়।