সড়ক দুর্ঘটনায় নাট্যকর্মী নীহারেন্দু কর নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নাট্যকার, অভিনেতা ও নির্দেশক নীহারেন্দু কর (৬০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্যবিজয় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নীহারেন্দু কর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সমিঞ্চলিত নাট্য পরিষদের সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীহারেন্দু কর একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে শ্রীমঙ্গলে ফিরছিলেন। সদর উপজেলার ত্রৈলোক্যবিজয় এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নীহারেন্দু কর মারা যান। আহত হন অটোরিকশার চালক, পিকআপ ভ্যানের চালক ও আরও তিন যাত্রী।
নীহারেন্দু কর দীর্ঘদিন ধরে মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেট অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছেন। শ্রীমঙ্গলের প্রান্তিক থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এ ছাড়া কয়েক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বহু নাটকে অভিনয় করেছেন। তাঁর লেখা, অভিনীত ও পরিচালিত মঞ্চনাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফাঁসুড়ে, বিধূয়া, সুখিয়া দুখিয়া, পথনাটক মুমুখ্যা, স্বপ্ন দেখি ইত্যাদি।