সড়ক দুর্ঘটনায় নানি-নাতি ও স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলায় ট্রাকের চাপায় সখিনা বেগম (৪৮) ও তাঁর নাতি রোমান মোল্লা (১২) নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে খুলনা-যশোর সড়কে উপজেলার এমএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে গত সোমবার সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মিম আক্তার (৯) এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
গতকাল ভোরে ফুলতলার বুড়িয়ারডাঙ্গা গ্রামের সখিনা বেগম, তাঁর মেয়ে কেয়া বেগম ও নাতি রোমানকে নিয়ে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার শাহপুরে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে এমএম কলেজের সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে সখিনা ও রোমান মারা যায়।
এদিকে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মঠবাড়িয়া-দধিভাঙ্গা সড়কের তালুকদার বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় মিম আক্তারকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রাত ১১টার দিকে মিম মারা যায়। মিম দধিভাঙ্গা গ্রামের আলমাস মিয়ার মেয়ে। সে দধিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।