সড়ক দুর্ঘটনায় নারী সাংসদ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার বাঘোপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সাংসদ সেলিনা জাহান লিটা (৪৮) ও তাঁর গাড়ি চালক বিকাশ চন্দ্র (৩৩) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়ার ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) মেডিকেল কলেজের রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া শহরের ফুলবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে ঠাকুরগাঁওয়ে ফিরছিলেন নারী সাংসদ সেলিনা জাহান। এ সময় বাঘোপাড়ায় একটি নার্সারির সামনে একজন পথচারী মহাসড়ক পার হচ্ছিলেন। পথচারীকে বাঁচাতে গাড়ির চালক বিকাশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। সেলিনা জাহানের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায়। তিনি ঠাকুরগাঁও-পঞ্চগড়ের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত আসনের সাংসদ। আর গাড়ির চালক বিকাশের বাড়ি কুষ্টিয়ায়।
সাংসদের জামাতা আলী আহসান বলেন, সাংসদ মাথায় ও হাতে সামান্য আঘাত পেয়েছেন। তবে এখন তিনি শঙ্কামুক্ত।