সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল বৃহস্পতিবার মিনিবাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। একই দিন গাইবান্ধার সাদুল্যাপুর ও বগুড়ার আদমদীঘিতে ট্রাকের চাপায় দুজন প্রাণ হারিয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে মিনিবাসের চাপায় নিহত দুই নারী হলেন পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামডাঙ্গী গ্রামের আবদুল লতিফের স্ত্রী জহুরা (২৫) ও ভোমরাদহ পশ্চিমপাড়া গ্রামের আ. গফুরের স্ত্রী সাহিরন (৬০)।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সাজু পরিবহনের একটি মিনিবাস ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাঁও কলেজ মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে রাস্তায় থাকা গোবরের স্তূপে মিনিবাসটির চাকা উঠে যায়। এতে মিনিবাসটি পিছলে বাঁ পাশে ধানখেতে উল্টে পড়ে। এ সময় বাঁ দিকে দাঁড়িয়ে থাকা জহুরা ও সাহিরন মিনিবাসটির চাপায় ঘটনাস্থলেই মারা যান। ১২ জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ট্রাকচাপায় নিহত তরুণের নাম ডালিম সরকার (২২)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের কোমরপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে।
ডালিম সরকার ও তাঁর বন্ধু সাদেকুল ইসলাম গতকাল মোটরসাইকেলে করে ধাপেরহাট থেকে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলেন। বেলা একটার দিকে সাদুল্যাপুরের ধাপেরহাট আর ভরসা হিমাগারের সামনে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ডালিম নিহত ও সাদেকুল আহত হন। সাদেকুলকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদমদীঘি (বগুড়া): উপজেলার মুরুইল বাজারে ট্রাকের চাপায় নিহত ব্যক্তির নাম পারেছ আলী (৬৮)। তিনি উপজেলার বিনাহালি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সারবোঝাই একটি ট্রাক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকালি থেকে আদমদীঘির মুরুইল বাজারে আসছিল। ট্রাকটি পথে বেলা আড়াইটার দিকে উপজেলার কড়ইতলী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের আরোহী পারেছ আলী ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ক্ষুব্ধ জনতা ট্রাক ও এর চালক শরিফুল ইসলামকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে।