সড়ক দুর্ঘটনায় নিভে গেল ‘দীপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিকে জিপিএ-৫। উচ্চমাধ্যমিকেও তাই। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার। এ জন্যই ভোলা থেকে ঢাকায় এসেছিলেন ভর্তি কোচিং করতে।কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ভোলার নাজিউর রহমান কলেজের মেধাবী ছাত্র দীপ বণিকের প্রাণ। মঙ্গলবার তাঁর দাহ হয়েছে শহরের চরনোয়াবাদ শ্মশানঘাটে। একনজর দীপের মরদেহ দেখতে গিয়ে শোকে ভেঙে পড়েন তাঁর বন্ধুবান্ধব ও স্বজনেরা।৭ অক্টোবর রাতে রাজধানীর তেজগাঁও থানার সামনের জেব্রা ক্রসিং পার হতে গিয়ে দ্রুতগামী ট্যাক্সি ক্যাবের ধাক্কায় আহত হন দীপ। সেখান থেকে বিশ্ববিদ্যালয়-পড়ুয়া পথচারী শিবলী তাঁকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচারের পর ছাড়পত্র দিলে পরদিন তাঁকে ধানমন্ডির একটি মেসে নিয়ে যান বন্ধুরা। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে এক দিন পর গ্রিন রোডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সোমবার রাতেই মৃত্যু হয় দীপের। চিকিৎসকেরা জানান, তাঁর হাড় ভেঙে ফুসফুসের ভেতরে ঢুকে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণেই মারা গেছেন দীপ।ভোলা শহরের ব্যবসায়ী দেবু বণিকের বড় ছেলে দীপ। সোমবারই ছিল তাঁর ১৯তম জন্মদিন।