সড়ক দুর্ঘটনায় পাঁচটি জেলায় গতকাল মঙ্গলবার এক সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন। জামালপুরের বকশীগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জের মিঠামইন, নাটোরের বড়াইগ্রাম ও নড়াইলের কালিয়ায় এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত শুক্রবার রাত থেকে গতকাল পর্যন্ত চার দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬৮ জনের। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঝিনাইগাতি এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় আরিফ মাহমুদ (২৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। তাঁর বাড়ি বকশীগঞ্জ শহরের সরদারপাড়া এলাকায়। তাঁর বাবার নাম হাসমত আলী। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক গণজয় পত্রিকার নিজস্ব প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় তাঁর দুই বন্ধু আহত হয়েছেন। তাঁরা হলেন সরদারপাড়া এলাকার আশরাফুল ইসলাম (২৫) ও নতুন পাড়া এলাকার অন্তর মিয়া (২৪)।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে শেরপুরের গজনী অবকাশযাপন কেন্দ্রে বেড়াতে যান আরিফ। সন্ধ্যা সাতটার দিকে সেখান থেকে বকশীগঞ্জে ফেরার পথে শেরপুর-ঝিনাইগাতী সড়কের ঝিনাইগাতী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বহনকারী মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের তিনজনকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আরিফ মাহমুদকে মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জে শেখ রাসেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বিশ্বাস (৬১) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল প্রাতর্ভ্রমণের সময় সদর উপজেলা পরিষদের সামনে একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি শহরের পাওয়ার হাউস সড়কে থাকতেন।
কিশোরগঞ্জের মিঠামইনে ইঞ্জিনচালিত ভটভটিচাপায় মো. হাদিছ উদ্দিন (৪০) নামের এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে হাদিছ উদ্দিন ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী বলেন, দুপুরে মোটরসাইকেলে করে ঘাগড়া থেকে মিঠামইন যাচ্ছিলেন হাদিছ উদ্দিন। ঘাগড়া-মিঠামইন সড়কের মধ্যবর্তী স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কের ওপর পড়ে যান তিনি। এ সময় ভটভটিটি তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী ট্রাকের চাপায় এক সাইকেল আরোহী মারা গেছেন। তাঁর নাম সাইফুল ইসলাম (৪৫)। গতকাল সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বনপাড়া পৌরসভার মালিপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে।
নড়াইলের কালিয়ায় একটি ট্রলি উল্টে ট্রলি-শ্রমিক মুরসালিন শেখ (২৭) নিহত হয়েছেন। তিনি উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৈদ্যকাঠি গ্রামের রবিউল শেখের ছেলে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সালামাবাদ ইউপি ভবনের সামনে বাকা গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলিচালক জুয়েল (১৮) আহত হয়েছেন।