সড়ক দুর্ঘটনায় নিহত চার, আহত ৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বগুড়ার আদমদীঘিতে বাস চাপায় প্রাণ হারিয়েছেন আরও দুজন।
সিরাজগঞ্জে নিহত চালকের নাম মোরাদুল ইসলাম (৩৫)। তিনি রাজধানী ঢাকার খিলগাঁও সিপাহিপাড়ার বাসিন্দা। অপরজন আবদুল মোমিন (১৪)। সে এনায়েতপুর থানার বেতিল চরের শহিদুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিজাম উদ্দীন বলেন, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে চারজন যাত্রীসহ ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাস উড়ালসেতুর কাছে এলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক মোরাদুল ঘটনাস্থলেই নিহত, অপর তিন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি থানা-পুলিশের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন। তবে আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন বলেন, গতকাল দুপুরে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের এনায়েতপুর আজগড়া জামাত মোড়ে চলন্ত বাসের ওপর থেকে পেছন দিক দিয়ে নামতে গিয়ে মোমিন পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বেলা সাড়ে তিনটার দিকে সে মারা যায়।
বগুড়ার আদমদীঘির সান্তাহার শহরের বাইপাস সড়কে গতকাল বৃহস্পতিবার দুপুরে দ্রুতগামী একটি বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালকসহ চারজন।
প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য উপজেলার ছোট আখিড়া গ্রাম থেকে অটোরিকশায় চড়ে কয়েকজন যাত্রী সান্তাহার পৌর এলাকার পৌওতা গ্রামে যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে নওগাঁগামী বাসটি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে উপজেলার ছোট আখিড়া গ্রামের বাসিন্দা অটোরিকশার যাত্রী রোকেয়া বেগম নিহত হন। পরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোকেয়া বেগমের সতীন রাবেয়া বেগম (৫০)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সেকেন্দার আলি বলেন, আহত ব্যক্তিদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।