সড়ক দুর্ঘটনায় নিহত প্রকৌশলী-চিকিৎসক দম্পতির দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সফটওয়্যার প্রকৌশলী মনোয়ারুল হাসান ও তাঁর স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক নাহিদ রোকসানার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁদের মরদেহ শেরপুর চাপাতলী পৌর কবরস্থানে দাফন করা হয়।এর আগে শনিবার বিকেল তিনটায় শেরপুর পৌর ঈদগাহ ময়দানে এ দম্পতির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর-১ (সদর) আসনের সাংসদ মো. আতিউর রহমান, জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, পৌরসভার মেয়র মো. হুমায়ূন কবীর, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, জেলা বিএনপির সভাপতি এ কে এম ছাইফুল ইসলাম, শেরপুর চেম্বারের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি এম এ বারেকসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।৯ নভেম্বর বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী মনোয়ারুল হাসান ও তাঁর স্ত্রী নাহিদ রোকসানা নিহত হন। এ সময় ওই দম্পতির শিশুপুত্র ওয়াসিফ হাসান, প্রাইভেট কারের চালক মুরাদ ও গৃহকর্মী কাঁকন আহত হন।