সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ট্রাক ও ভটভটির সংঘর্ষে ইদ্রিস আলী (৪০) নামের এক গরু ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। মান্দা উপজেলার মান্দা-নিয়ামতপুর সড়কের বালুবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে নাটোরে যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে খাদে পড়ে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীদের বনপাড়া, নাটোরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁয় নিহত গরু ব্যবসায়ী ইদ্রিস আলী মান্দা উপজেলার হাটোর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইদ্রিস আলী গতকাল রোববার সকালে নিয়ামতপুর উপজেলার হাটোর থেকে ভটভটিতে করে গরু নিয়ে রাজশাহীর সিটি করপোরেশনের গরুর হাটে যাচ্ছিলেন। পথে মান্দা-নিয়ামতপুর সড়কের বালুবাজার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইদ্রিস আলী মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে ইদ্রিস আলী ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটিকে চিহ্নিত করা সম্ভব হইনি।
এদিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-ঢাকা মহাসড়কের পাটোয়ারী কলাবাগান এলাকায় গতকাল বেলা আড়াইটার দিকে যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে সেটি খাদে পড়ে যায়। এতে বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। আহত যাত্রীদের বনপাড়া, নাটোরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।