সড়ক দুর্ঘটনায় নিহত ১ সচিবসহ আহত ৯
নাটোরে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। একই দিন দুর্ঘটনায় শহরের বেলঘড়িয়া বাইপাস মোড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সচিবসহ চারজন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শবদেহবাহী ট্রাকের পাঁচজন আহত হয়েছেন।
নাটোর সদরের খাজুরা এলাকার আজিম উদ্দিনের ছেলে মন্টু মিয়া (৩২) ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। স্ত্রীর সন্তান প্রসবের খবরে ছুটি নিয়ে বাড়ি এসেছেন। তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে সদ্য জন্ম নেওয়া নিজের সন্তানকে দেখে গতকাল বেলা আড়াইটার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে শহরের দিঘাপতিয়া কলেজের সামনে বালুবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলেরে মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে নাটোর শহরের বেলঘড়িয়া বাইপাস মোড়ের সরকারি শিশু পরিবারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সচিব আলম (৪৫), গাড়িচালক ইকবাল (৪০) এবং আবদুল হামিদ (৩০) ও তাঁর স্ত্রী পপি বেগম (২৫) গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মণ্ডল সম্প্রতি সরকারি সফরে জাপান যান। গতকাল তাঁর ফেরার খবরে গাড়ি নিয়ে তাঁর স্ত্রী, সচিব ও স্বজনেরা তাঁকে বিমানবন্দর থেকে আনতে ঢাকা রওনা হন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর কর্মকারপাড়া থেকে সকাল সাড়ে ১০টার দিকে শবদেহ নিয়ে একটি ট্রাক শিবগঞ্জের তর্তিপুর শ্মশানঘাটে শেষকৃত্য অনুষ্ঠানে যাচ্ছিল। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের রানিহাটি কলেজ মোড়ে সোনামসজিদগামী একটি ট্রাক এটিকে পাশ কাটাতে গিয়ে ধাক্কা দেয়। এতে শবদেহবাহী ট্রাক থেকে ছিটকে পড়ে চালক রাজারামপুর কর্মকারপাড়ার দশরথ কর্মকার (২৫) ও নরেশ চন্দ্র সাহাসহ (৭০) পাঁচজন আহত হন। আহত দশরথ ও নরেশ চন্দ্রকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।