সড়ক দুর্ঘটনায় নিহত ১০
ঢাকার ধামরাই উপজেলার জয়পুরায় ও মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল এলাকায় গতকাল শনিবার দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছয় যাত্রী নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। এদিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেড়িবাঁধ এলাকায় গতকাল বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সংঘর্ষে চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।জয়পুরায় গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ যাত্রী নিহত হন। আহত যাত্রীদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যাত্রীদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামের মিলন গাজী (২২), জালাল শেখ (১৮) ও গোপালগঞ্জ সদর উপজেলার সাধুহাটি গ্রামের মিলন মোল্লা (২৭)।পুলিশ জানায়, বাগেরহাট থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস গতকাল ভোর পাঁচটার দিকে জয়পুরার পাল সিএনজি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়কের পাশে একটি কড়ই গাছের সঙ্গে সজোরে লাগে। এতে ঘটনাস্থলে দুজন ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান। গণস্বাস্থ্য হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। ধামরাই থানার ওসি আলমগীর হোসেন বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল এলাকায় পাটুরিয়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে রাজশাহীর কাসিয়াপুকুর গ্রামের এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এদিকে ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের বেড়িবাঁধ এলাকায় গতকাল যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত চারজনের দুজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ঢাকা থেকে মাওয়াগামী আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও আবদুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মারা যান অটোরিকশার চালক আলী আকবর, যাত্রী মোহনসহ অজ্ঞাত পরিচয় এক নারী ও এক শিশু। আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আজাদ হোসেন বলেন, বাসসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।