সড়ক দুর্ঘটনায় নিহত ১০
গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, বগুড়ার শেরপুর, ময়মনসিংহের নান্দাইল ও ফুলপুর, নোয়াখালী ও ঝিনাইদহে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:গাইবান্ধা: গতকাল বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট চৌমাথায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক সুলতান মাহমুদ (২৮) নিহত হন। দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বাগদা বাজারে চলন্ত পাওয়ার ট্রলি থেকে নামার সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ফারুক হোসেন (১৮) নিহত হন। নবীনগর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচরে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নবীনগর বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন (৪২) নিহত হন। শেরপুর: ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় গতকাল ট্রাকের চাপায় শেরপুর পৌর শহরের গোঁসাইপাড়া মহল্লার সৌরভ তাম্বুলী (২৩) ও উপজেলার কুসুম্বী হিন্দুপাড়ার স্বরূপ সরকার (২২) নিহত হন।নান্দাইল: উপজেলার দক্ষিণ বাঁশহাটি গ্রামে গতকাল মাটিবাহী একটি ট্রলির নিতে চাপা পড়ে রায়হান নামের (১২) এক মাদ্রাসার ছাত্র মারা গেছে। ফুলপুর: গত বুধবার উপজেলার হালুয়াঘাট সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে বাসের হেলপার ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া গ্রামের আবদুল মজিদ (১৮) ও বাসের যাত্রী হালুয়াঘাট উপজেলার সিরাজুল হক (২২) নিহত হন।নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী চৌরাস্তায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় মো. জাবেদ (২৫) নামের একজন নিহত হন।ঝিনাইদহ: ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত নজরুল ইসলামের বাড়ি সদর উপজেলার চোরকোল গ্রামে।