সড়ক দুর্ঘটনায় নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় গতকাল মঙ্গলবার বালুবাহী ট্রাকের ধাক্কায় তিন শিশুসহ ব্যাটারিচালিত ভ্যানের সাত যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জ, পাটগ্রাম ও নাটোরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন মারা গেছেন।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী: পুঠিয়ার তেবাড়িয়া এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন বিদ্যুৎ চক্রবর্তী (৩০), তাঁর স্ত্রী বৃষ্টি রানী (২০), তাঁদের ছেলে রুদ্র (৭), পূজা (১০), সুমি (২২), দীপ (৬) ও বিচিত্রা রানী (৫৫)। বিচিত্রা ছাড়া সবার বাড়িই উপজেলার দাসমাড়িয়া গ্রামে। আর বিচিত্রার বাড়ি উপজেলার নন্দিগ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তাহেরপুর থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে তাঁরা দক্ষিণ দিকে যাচ্ছিলেন। ভ্যানটি চালাচ্ছিলেন বিদ্যুৎ। তেবাড়িয়া গ্রামে এসে ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে দীপ মারা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ সৎকারের জন্য প্রত্যককে ১০ হাজার টাকা দেওয়া হবে। পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ট্রাকের চালক পালিয়ে গেছেন। এখন ট্রাকের বিরুদ্ধেই মামলা করা হবে।

সিরাজগঞ্জ: সলঙ্গা থানার সাতটিকরী এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গোজা সেতুর কাছে সোমবার একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারালে রংপুরের পীরগঞ্জ উপজেলার গঙ্গাচড়া এলাকার মনিরুজ্জামান সুজন (৩৮) ও বগুড়ার বাদুরতলা এলাকার জান্নাতুল বাকি (২৫) মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বি এম ইমদাদুল হক বলেন, রাত সাড়ে নয়টার দিকে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে এ ঘটনা ঘটে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় ও ইঞ্জিনে আগুন ধরে।

পাটটগ্রাম (লালমনিরহাট): বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের বাসিন্দা পরেশ বর্মণ (৩৮) গতকাল বিকেলে সাইকেলে করে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাকের সঙ্গে সাইকেলের সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলে নিহত হন। পাটগ্রাম থানার এসআই নূর আলম বলেন, দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ট্রাকটি কলেজ মোড় এলাকা থেকে আটক করা হয়েছে।

নাটোর: বনপাড়া হাইওয়ে থানার এসআই আনসার আলী বলেন, গতকাল বনপাড়ার রাজ্জাক মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় বড়াইগ্রাম মহল্লার হুসেন আলী (৭০) গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুরে আগ্রাণ বাজারে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার রজব আলী (৬০) মারা যান।