সড়ক দুর্ঘটনায় নিহত ১২
সিরাজগঞ্জের শাহজাদপুর ও কামারখন্দ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, গাইবান্ধার পলাশবাড়ী ও রাজশাহীর পুঠিয়ায় গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার নারীসহ ১২ জন নিহত ও শিশুসহ ৩৪ জন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: শাহজাদপুর ও কামারখন্দ উপজেলায় গতকাল বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সকালে জেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ডের দক্ষিণে সিএনজি পাম্প স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাককে পেছন থেকে পাবনাগামী একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের রড মাইক্রোবাসের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী বকুল (২৫) মারা যান এবং চালকসহ আহত চার যাত্রী আহত হন। পাবনা হাসপাতালে নেওয়ার পথে আবদুল হাকিম (৪৫) এবং বগুড়া হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়। গতকাল ভোরে কামারখন্দ উপজেলার ঝাউল সেতুর কাছে বগুড়া থেকে ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী বগুড়ার ঠনঠনিয়ার শিপন (১৭) ও আলু ব্যবসায়ী বেলকুচি উপজেলার বেড়া খারুয়া গ্রামের ফজলুর রহমান (৩৫) মারা যান। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর সেতুর কাছে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসযাত্রী নুরজাহান বেগম, পুত্রবধূ পাখি আক্তার, অপর পুত্রবধূ আকলিমা খাতুন ও তাঁদের আত্মীয় বানু বেগম ঘটনাস্থলেই মারা যান।গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের জেলার পলাশবাড়ী উপজেলার অভিরামপুরে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন—বাসযাত্রী দুলাল মিয়া ও অজ্ঞাত (২২) এক ব্যক্তি। রাজশাহী: গতকাল সকাল আটটার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার তারাপুরে একটি বাস আবদুল হাই (৫৫) নামের এক ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এ সময় এলাকাবাসী হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে।