সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার নোঙ্গরপুর এলাকায় গতকাল শনিবার সকালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিয়াস হোসেন (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই দিন ফরিদপুরে বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে একজন শারীরিক প্রতিবন্ধী নিহত হন।
নিহত পিয়াস বাঘারপাড়া উপজেলার গরিবপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে খুলনা শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। খায়রুল ইসলাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খুলনা কার্যালয়ে প্রহরী পদে কর্মরত। দুর্ঘটনায় পিয়াসের মা ববিতা খাতুনসহ কয়েকজন গুরুতর আহত হন। ববিতাকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালে পাঠানো হয়। আহত আরেক নারী জরিনা খাতুনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তিনি একজন সেনা সদস্যের স্ত্রী।
ফরিদপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় নিহত প্রতিবন্ধী ব্যক্তির রিপন খান (৩০)। গতকাল সকাল আটটার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিপন নগরকান্দার ছোট শ্রীবর্দী গ্রামের বারেক খানের ছেলে। এলাকাবাসী জানান, ট্রাকটি (ঢাকা মেট্রো ড-১৪-৩৬৫৬) নগরকান্দার জয়বাংলা বাজার হয়ে পুরাপাড়ার দিকে চালিয়ে যাচ্ছিল। ট্রাকটি চালাচ্ছিল চালকের সহকারী (হেলপার) পরশ শেখ (১৫)। বেপরোয়া গতির কারণে জয়বাংলা বাজার এলাকায় ট্রাকটি পথচারী রিপনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।