সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের কাছে লক্ষ্মীকান্দর এলাকায় ট্রাকচাপায় এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে মারা গেছেন।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুর রশীদ জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সড়কের পাশে কাভার্ড ভ্যানটি থামিয়ে চালক চাকা পরীক্ষা করছিলেন। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে চালক রবীন ঘোষ (২৮) ঘটনাস্থলে নিহত হন। তিনি মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের গেনেন্দ্র ঘোষের ছেলে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর নারুয়া-বালিয়াকান্দি রাস্তায় ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের নিচে চাপা পড়েন কুরবান আলী শেখ (৭৩)। তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কুরবান আলী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সালমারা গ্রামের বাসিন্দা ছিলেন। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, ঘটনাটি আমি শুনেছি, তবে বিস্তারিত জানি না।