সড়ক দুর্ঘটনায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরে গত শনিবার ও গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দুই শিশু মারা গেছে।
তারা হলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রাকিবুল হাসান (৪) ও জামালপুরের মেলান্দহ উপজেলার আবদুর রাজ্জাক (৮)
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ জানায়, সোহাগপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে রাকিবুল গতকাল দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। বাড়ির পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন ও স্বজনেরা রাকিবুলকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর চৌধুরী জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
অন্যদিকে গত শনিবার রাত সাড়ে আটটার দিকে ট্রাকচাপায় আবদুর রাজ্জাক নিহত হয়। নিহত রাজ্জাক শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর গ্রামের শহম মণ্ডলের ছেলে। থানার পুলিশ জানায়, রাজ্জাক আটটার দিকে মেলান্দহ বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে মেলান্দহ বাজার-স্টেশন সড়কের কোয়েলী সিনেমা হলের সামনে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম বলেন, ট্রাকচালক পালিয়ে গেছে। তবে চালকের সহকারী খলিলুর রহমানকে ট্রাকসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহত শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।