সড়ক দুর্ঘটনায় নিহত ২
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় নিখিলেশ রায় (৩৫) নামের এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। একই দিন গোপালগঞ্জ সদরে অনিতা বাড়ৈ (৩০) নামে এক নারী শ্রমিক নিহত ও পাঁচ শ্রমিক আহত হন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও কলারোয়ার খোরদো ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে, নিখিলেশ গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার দিয়াড়া গ্রামের শহিদুল ইসলামের পুকুর থেকে ট্রাক্টরে বালু বোঝাই করে ইটভাটায় যাচ্ছিলেন। পথে দিয়াড়া নতুন বাজারের কাছে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিখিলেশ ঘটনাস্থলে নিহত হন। নিখিলেশ সদর উপজেলার ইটাগাছা গ্রামের অজিত রায়ের ছেলে।
খোরদো পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান বলেন, নিখিলেশ দৈনিক হাজিরার ভিত্তিতে চালকের কাজ করেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও গোপালগঞ্জের বৌলতলী ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে সদরের সাতপাড় থেকে আটজন শ্রমিক নছিমনে করে মাদারীপুরের টেকেরহাট যাচ্ছিলেন। পথে ভোর পাঁচটার দিকে সদরের উত্তর ভেন্নাবাড়ী এলাকায় নছিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিভর্তি একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিতাসহ নছিমনের ছয় যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অনিতাকে মৃত ঘোষণা করেন। অনিতা মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের নটাখোলা গ্রামের গোবিন্দ বাড়ৈর স্ত্রী। আহত অন্যরা হলেন রাজৈরের বড়খোলা গ্রামের গোবিন্দ গোলদার, বিষ্ণু বালা ও ঠাকুর বালা, নটাখোলা গ্রামের প্রীতিশ বালা ও গোপালগঞ্জ সদরের সিংগা গ্রামের শিবানী বিশ্বাস।
বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে।