সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় কবির মল্লিক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন মেহেরপুরের গাংনী উপজেলায় কাউছার উদ্দীন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সদর উপজেলার চরবাড়িয়ার রাঢ়ীমহল এলাকার কবির রিকশায় করে নগরের ভাটারখাল থেকে চাঁদমারী এলাকায় যাচ্ছিলেন। এ সময় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা বাসে করে ফিরছিলেন। দুপুর পৌনে একটার দিকে বাসটি চাঁদমারী এলাকায় ওই রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কবির গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাংনীর রামনগর গ্রামের কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার মহাম্মদপুর গ্রামের কাউছার উদ্দীন প্রায় ১৫ বছর ধরে নিজের ট্রাক্টর দিয়ে বিভিন্ন গ্রামের মাঠে গিয়ে জমি চাষ করেন। গতকাল বেলা আড়াইটার দিকে পাশের রামনগর গ্রামের মাঠে জমি চাষ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় সড়কে উঠতে গিয়ে তাঁর ট্রাক্টর উল্টে যায়।
এতে তিনি ট্রাক্টরের নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বামন্দী এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।