সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ ও সাতক্ষীরায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন গোপালগঞ্জ সদরের ফরিদকান্দি গ্রামের আহম্মদ শেখ (৬০) ও সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার হাসানুজ্জামান হাসান (৩২)।
গোপালগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আহম্মদ শেখ মারা গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদরের কড়ারগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন আহম্মদ শেখ। পরে তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী হাসানুজ্জামান হাসান নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বেলায়েত সরদারের ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের নতুন জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক আল মামুন (৩৫)। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল মামুন কলারোয়ার সোনাবাড়িয়া গ্রামের আবদুর রহিমের ছেলে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম জানান, নিহত হাসানের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।