সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফরিদপুরের বোয়ালমারীতে মাহেন্দ্র ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বোয়ালমারী-আলফাডাঙ্গা সংযোগ সড়কে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিরা মাহেন্দ্রর যাত্রী। নিহত ব্যক্তিরা হলেন সালথা উপজেলার বাবুইখোলা গ্রামের জাবের ফারজি (৫০) ও ফরিদপুর সদর উপজেলার আড়ওয়াডাঙ্গি গ্রামের ইয়াকুব ওরফে আকু ডাক্তার (৬৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও বোয়ালমারী থানা সূত্রে জানা যায়, সকাল ছয়টার দিকে মাহেন্দ্রতে করে যাত্রীরা আলফাডাঙ্গা যাওয়ার সময় ছত্রকান্দা কাউছারের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত জাবের ও ইয়াকুবের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে বেলা পৌনে ১১টার দিকে তাঁদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ পিকআপটি আটক করেছে।