সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঢাকা বাইপাস সড়কে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর থানার উত্তর তাজপুর এলাকার মঞ্জুরুল ইসলাম ও শরীয়তপুরের পালং থানার কুয়ারপুর এলাকার খাজা আহমেদ।
মঞ্জুরুলের বড় ভাই কামরুল হাসান ওরফে রুবেল বলেন, তাঁর ভাই মঞ্জুরুল (২৫) গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকার একটি বাড়িতে সপরিবার ভাড়া থেকে পিকআপ চালাতেন। গতকাল ভোরে মঞ্জুরুল পিকআপ নিয়ে মীরেরবাজার এলাকা থেকে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। ঢাকা বাইপাস সড়কের মোগরখাল এলাকায় সড়কের পাশে বিকল হয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপটি সজোরে ধাক্কা খায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মঞ্জুরুল নিহত হন। এ ছাড়া পিকআপে থাকা স্থানীয় হায়দরাবাদের ছিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি আহত হন। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে এলাকাবাসী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার বলেন, গতকাল সকালে মঞ্জুরুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ছিদ্দিকুর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আরিফ হোসেন খান বলেন, গতকাল সকাল ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগরা এলাকার মাস্ট্রেট ইন্টারন্যাশনাল নামে একটি গার্মেন্টস কারখানার শ্রমিক খাজা আহমেদ (৩৬) ঢাকা বাইপাস (ভোগরা) সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।