সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের বাগানবাড়ি এলাকায় গতকাল রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরী নিহত হয়েছে। একই দিন নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হন।

নিহত কিশোরী হলো কালিয়াকৈরের কালিয়াদাহ এলাকার বজুলর রহমানের মেয়ে মিতু আক্তার (১২)। তার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিতু তার মায়ের সঙ্গে কালিয়াদাহ এলাকার একটি ভাড়া বাড়িতে থাকত। গতকাল সে তার মা মুন্নি বেগম ও ছোট বোন লামিয়া আক্তারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় করে গাজীপুরের কোনাবাড়ীতে খালার বাসায় বেড়াতে যাচ্ছিল। বেলা দেড়টার দিকে উপজেলার বড়ইবাড়ি-জামালপুর আঞ্চলিক সড়কের বাগানবাড়ি এলাকায় অটোরিকশার চাকায় মিতুর ওড়না পেঁচিয়ে যায়। একপর্যায়ে অটোরিকশা থেকে পড়ে গিয়ে তার গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপির সাবেক সদস্য মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পরিবারের লোকজন মিতুর লাশ উদ্ধার করে নিয়ে গেছে। ঘটনার পর অটোরিকশা রেখে চালক পালিয়ে যান।

এদিকে গতকাল দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নুনেরটেক এলাকার শাহাবুদ্দিন মিয়া ও তাঁর স্ত্রী পোশাকশ্রমিক সখিনা বেগম লেগুনায় করে বাড়ি ফিরছিলেন। বন্দর উপজেলার মালিবাগ এলাকায় পেছন থেকে একটি ট্রাক লেগুনাটি ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই সখিনা নিহত হন। তাঁর স্বামী শাহাবুদ্দিনসহ দুজন আহত হন।