সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে মফিজুল শেখ (২২) নামের এক তরুণ ও সাতক্ষীরার কলারোয়ায় সাইকেল আরোহী মো. ওজিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মোহসিন জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড় এলাকায় ঢাকা থেকে বরিশালগামী কমফোর্ট লাইনের একটি বাস পেছনের দিক থেকে তালমার মোড় এলাকায় কয়েকটি অটোকে ধাক্কা দেয়। এর ফলে একটি অটোর যাত্রী মফিজুল শেখ ঘটনাস্থলেই প্রাণ হারান। মফিজুল শেখ একজন ট্রাকচালক। তিনি নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের আফজাল শেখের ছেলে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়। তাঁদের মধ্যে ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাইকেল আরোহী মো. ওজিয়ার রহমান সাইকেল চালিয়ে উপজেলা সদর থেকে তাঁর নিজ গ্রাম সলিমপুরের দিকে যাচ্ছিলেন। পথে রায়টা গ্রামে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এ সময় ট্রাকটির চাকা তাঁর দেহের ওপর দিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।