সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ও মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ও গতকাল শুক্রবার রাতে এই দুর্ঘটনা দুটি ঘটে।

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের ধাক্কায় কার্তিক চন্দ্র দাস (২৫) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

নিহত কার্তিক চন্দ্র দাস ধুনট পৌর এলাকার দাসপাড়া গ্রামের বাদল চন্দ্র দাসের ছেলে। তিনি ধুনট বাজারের লক্ষ্মী-নারায়ণ বস্ত্রালয়ের কর্মচারী ছিলেন।

আজ দুপুর ১২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্তিক চন্দ্র দাসের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মেসার্স বেলাল অ্যান্ড ব্রাদার্স নামের ট্রাকটি (বগুড়া ড ১১-১৭৫৯) আটক করেছে। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কার্তিক দাস আজ সকাল নয়টার দিকে নিজ বাড়ি থেকে অটোভ্যানে করে ধুনট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের জন্য আসছিলেন। পথে ধুনট-গোঁসাইবাড়ি সড়কের সদরপাড়া মোড়ে এলে পেছন দিক থেকে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় যাত্রীসহ অটোভ্যানটি রাস্তার ওপর উল্টে পড়ে। ওই সময় কার্তিক দাস গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টার দিকে মারা যান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে মাদারীপুরের শিবচর উপজেলায় মিরাজ খলিফা (৩৭) নামের এক ইজিবাইকচালক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। তিনি উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা গ্রামের আলিম খলিফার ছেলে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে আড়িয়াল খাঁ সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার পুলিশ সূত্র জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ সেতুর পূর্ব পাশ দিয়ে দ্রুতগতিতে একটি ট্রাক যাচ্ছিল। একটি ইজিবাইক ওই সড়কের পাশে যাত্রী নামিয়ে বিপরীত দিকে ঘুরতে গেলে পেছন থেকে আসা ট্রাকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইজিবাইকচালককে উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হয়েছে।