সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের এগারো মাইল এলাকায় গতকাল রোববার বিকেলে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার (স্থানীয় ভাষায় তরি) মুখোমুখি সংঘর্ষে ব্যাংক ম্যানেজারসহ দুজন ঘটনাস্থলে মারা গেছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেল চারটার সময় চট্টগ্রামমুখী লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মার্কেন্টাইল ব্যাংক হাটহাজারী শাখার ম্যানেজার আবদুর সবুর (৪৫) ও ব্যবসায়ী মো. হাছান (৩৫) মারা যান। প্রথমজনের বাড়ি ফটিকছড়ির কাঞ্চননগর ও দ্বিতীয়জনের বাড়ি রাউজানের গহিরা মাইজপাড়ায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর উপস্থিত লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. হানিফ দুজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেন এবং আহতদের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানান।
দুর্ঘটনায় নিহত ব্যাংক ম্যানেজারের ছেলে মো. রাহি (৮), অটোরিকশার চালক, চল্লিশোর্ধ্ব এক নারী ও দুই শিশু আহত হয়েছে। আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই লেগুনাটি নিয়ে চালক পালিয়ে যান।