সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আলামিন (৩৮) ও শাহিন (২৫) নামের সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, রাজেন্দ্রপুরের রাজহালটে বেলা আড়াইটার দিকে মাওয়াগামী একটি অটোরিকশা ও ঢাকাগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। আহত হন চারজন। তাঁদের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী, অপরজন চালক।পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বাসসহ চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি বলেন, হতাহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা ঈদের ছুটি কাটাতে বাড়ি যাচ্ছিলেন।