সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় খুলনা-মংলা মহাসড়কে পিকআপের চাপায় বেসরকারি সংস্থা খ্রিষ্টান সোসাইটি সার্ভিসের (সিএসএস) এক কর্মকর্তা নিহত ও আরেকজন আহত হয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
মহাসড়ক পুলিশের বাগেরহাটের চুলকাঠি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান ফরাজী জানান, গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার প্রধান কার্যালয় থেকে মোটরসাইকেলযোগে ওই সংস্থার অডিট কর্মকর্তা অনুপ ঘোষ (৪৬) এবং হিসাবরক্ষণ (স্বাস্থ্য) কর্মকর্তা জেমস জুয়েল বাড়ৈ সিএসএস পরিচালিত আবদুল ওয়াদুদ মেমোরিয়াল চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসছিলেন। পথে বৃষ্টি নামলে তাঁরা মোটরসাইকেলটি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান। এ সময় মংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি পিকআপ তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ মারা যান। জুয়েলকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি ফেলে চালক পালিয়ে যান।
এদিকে রোববার বিকেলে ইকবাল শেখ (৬০) নামের এক ব্যক্তি দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট নতুন রাস্তার সামনে মাহেন্দ্র থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি ও মান্নান মোল্যা নামে মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল মারা যান।