সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় এক মাদ্রাসাছাত্র ও মাগুরার শালিখা উপজেলায় পিকআপের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন শালিখার সিংড়া এলাকার বীরেন শিকদার (৬০) ও মধুখালীর বাগাট ইউনিয়নের পূর্ব চরবাগাট গ্রামের মো. আবুল কালাম মোল্লার ছেলে মাদ্রাসাছাত্র মো. আলহাজ মোল্লা (১৫)।
বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহিম ফকির বলেন, বাগাট দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র আলহাজ মোল্লা গত সোমবার বিকেলে মাদ্রাসা থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সোয়া পাঁচটার দিকে ইউনিয়নের বন্দরে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরগামী একটি লোকাল বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আলহাজ মোল্লা। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে সাভার এলাকায় তার মৃত্যু হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, উপজেলার সিংড়ার গুড় পাগলা সেতুর পাশে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি পিকআপ বীরেন শিকদারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।