সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেট ও শাহবাগ এলাকায় গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মো. আক্কাস (৪৫) ও আমেনা বেগম (৫০)।
তেজগাঁও থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে পল্লবী থেকে আসা বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফার্মগেট এলাকার সড়কের লোহার বিভাজক ভেঙে ফুটপাতে উঠে যায়। এ সময় মো. আক্কাস বাসটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, আক্কাস ফার্মগেট এলাকায় ফুটপাতে পত্রিকা বিক্রি করতেন। বেশ কিছুক্ষণ বাসের নিচে তাঁর লাশ আটকে ছিল। পরে পুলিশ লাশ বের করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
সকাল পৌনে ১০টার দিকে শাহবাগের রূপসী বাংলা হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মারা যান আমেনা বেগম। পুলিশ জানায়, গাজীপুরের কালীগঞ্জের আমেনা বেগম ও তাঁর জামাই মো. ইকবাল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তার ওপর ছিটকে পড়েন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত পুলিশ। চিকিত্সাধীন অবস্থায় বেলা একটার দিকে আমেনা বেগম মারা যান। ইকবাল হোসেন সেখানে চিকিত্সাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা।
উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা রমনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন কান্ত দে জানান, ‘আমেনা বেগম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সার জন্য যাচ্ছিলেন।’