সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে ঢাকা-রংপুর মহাসড়কে আজ বুধবার এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। নিহতেরা হচ্ছেন নীলফামারী জেলার ডোমার উপজেলার গোসাইবাড়ি গ্রামের আবদুল খালেক (৩৮) ও ডিমলা উপজেলা সদরের আশরাফুল ইসলাম (৩০)। আহতদের পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানীর ভাষ্য, কুমিল্লা থেকে ছেড়ে আসা উল্লাস পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ নীলফামারীর জলঢাকা যাচ্ছিলো। সকাল নয়টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মহিলা কলেজের সামনে অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী আবদুল খালেক মারা যান এবং কমপক্ষে ১৫ যাত্রী আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আশরাফুল ইসলাম নামে আরেকজন মারা যান। বাকিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহকারীরা পালিয়ে গেছেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।