সড়ক দুর্ঘটনায় নিহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বরগুনার বেতাগীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে দুই বন্ধু। শনিবার ও গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে এভাবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে।প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: শরীয়তপুর: গোসাইরহাট উপজেলার গরিবের চর বাজার থেকে একটি নছিমন ২২ জন যাত্রী নিয়ে সখীপুরের উদ্দেশে যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে উত্তর চর কুমারিয়া এলাকায় খুলনাগামী কমফোর্ট পরিবহনের একটি বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা গ্রামের সিরাজ সরদার ও উত্তর কোদালপুর গ্রামের আল আমিনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর মারা যান আওলাদ হোসেন (৮), রাহিমা বেগম (৪০) ও শওকত হোসেন (২২) নামের আরও তিনজন। তারা সবাই নছিমনের যাত্রী। বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার দুই বন্ধু মারজান (১৬) ও মোতাচ্ছের রহমান (১৭) পয়লা বৈশাখের মেলা দেখতে গিয়েছিল স্থানীয় বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে। সন্ধ্যায় ভাড়ায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। আর মোটরসাইকেলের চালক শামীম হোসেন (২২) বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যান। বেতাগী-বরিশাল সড়কের ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে। শামীমের বাড়ি বেতাগী সদরে। মারজান বেতাগী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসির পরীক্ষার ফলপ্রার্থী ও বেতাগী টিঅ্যান্ডটি সড়কের জামাল হোসেনের ছেলে। আর মোতাচ্ছের পটুয়াখালী পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।ময়মনসিংহ: সদর উপজেলার দিঘারকান্দা ময়নার মোড়ে গতকাল সকালে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় বাইসাইকেল আরোহী পারভেজ মিয়া (২৮) ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি সদর উপজেলার কেওয়াটখালীতে। এর আগে শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সিডস্টোর এলাকায় শেরপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও অপর ১৮ জন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত আরেকজন মারা যান। একই রাতে গৌরীপুর উপজেলার ডেংগায় ট্রাকের নিচে চাপা পড়ে লিটন মিয়া (২২) নামের একজন মোটরসাইকেল আরোহী মারা যান। জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফারুক হোসেন (১৪) শনিবার সাইকেলে চড়ে স্কুলে যাওয়ার পথে জয়পুরহাট থেকে আক্কেলপুরগামী একটি বাস চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। সে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে। এদিকে জয়পুরহাট শহরের হাসপাতাল মোড় এলাকায় সকালে লাইলী বেগম (৫০) নামের এক নারী রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার চন্দ্রদীঘি মাদ্রাসার সামনে প্রাইভেট কারের ধাক্কায় সাইকেল আরোহী মোয়াজ্জেম হোসেন (১৫) নিহত হয়। মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের হলদিগুল এলাকায় গতকাল বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন, রাজনগর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শিবানী রানী শীল (১৮) ও উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়াপুর গ্রামের হামজা মিয়ার স্ত্রী সালমা আক্তার (২৮)। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে সদর উপজেলার আকন্দবাড়িয়ার তমালতলা এলাকায় শনিবার দুপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ইলিয়াস হোসেন (২৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। আমতলী (বরগুনা): আমতলী-হলদিয়া সড়কের তালুকদার বাজার সেতুর কাছে গতকাল সকালে রাস্তা পার হওয়ার সময় তরমুজবাহী পিকআপ-ভ্যান ইমরান নামের এক শিশুকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নেত্রকোনা: নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে গতকাল বেলা ১১টার দিকে নেত্রকোনা শহরের রাজুর বাজারের কাছে বাসচাপায় পিষ্ট হয়ে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কেন্তু মিয়া (৩২) ও আবুল হাসেম (৪২)।