সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক সড়ক দুর্ঘটনায় গত পাঁচ দিনে অন্তত ২৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে আটজন মোটরসাইকেল আরোহী। এসব দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারগুলোতে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ট্রাকচালকের দুই ছেলেসহ চারজন নিহত ও চালক আহত হন। গত ২৯ আগস্ট গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই ভাইয়ের নাম সজীব (১৮) ও শুভ (১২)। অন্য দুজন হলেন শরীয়তপুরের ডামুড্যার সুমন আহমেদ (২৫) ও বরিশালের বিপ্লব (২৪)।বুড়িচং (কুমিল্লা): কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি তুঁতবাজার এলাকায় গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরের ছোটরা এলাকার এমরান (১৮) ও একই এলাকার শরীফ (১৮)। এ ঘটনায় হাইওয়ে পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিগ্রি কলেজের ফটকের সামনে গত বৃহস্পতিবার দুপুরে জাফলংগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি মাইক্রোবাস ও ক্যাবের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। নিহত ব্যক্তিরা হলো সিলেটের সোনারপাড়া এলাকার শহীদ (৪৫), গোয়াইনঘাট উপজেলার লামাসাতাইন গ্রামের কয়েস মিয়া (১২) ও অজ্ঞাতনামা একজন। দিনাজপুর: দিনাজপুর-রংপুর-ঢাকা মহাসড়কের রামডুবিতে গত বৃহস্পতিবার সকালে একটি মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা ও তাঁর নাতনি ঘটনাস্থলেই মারা গেছেন। মিনিবাসটি দিনাজপুর থেকে রংপুর যাচ্ছিল। পথে স্থানীয় কালিকাপুর গ্রামের খাতুন নেছা (৬৫) ও তাঁর নাতনি পাঁচ বছরের খুরশিদাকে চাপা দিয়ে চলে যায়। এদিকে ঈদের দিন সকালে বিরামপুর উপজেলার মুকুন্দপুর বাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামান (১৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়। তার বাড়ি উপজেলার বালুপাড়া গ্রামে। সে স্থানীয় হাবিবপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টঙ্গী-কালীগঞ্জ সড়কের দড়িপাড়া এলাকায় ঈদের আগের দিন সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে দুজন নিহত ও ১৮ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন কাওসার (২২) ও তাঁর স্ত্রী কলি (১৮)। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায়।গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ফু ওয়াং খাদ্য কারখানার সামনে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী নিহত ও শিশুসহ ছয়জন আহত হয়েছে। বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলার সোনাতলা-মোকামতলা সড়কের পাঠানপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঈদের দিন দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণেরা হলেন উপজেলার সুজাইতপুর গ্রামের শান্ত (১৮) ও শিমুল (১৭)। ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি বাসস্ট্যান্ডের কাছে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে ওই মোটরসাইকেলের একজন আরোহী ঘটনাস্থলেই নিহত ও অন্যজন গুরুতর আহত হয়েছেন। গত ২৯ আগস্ট রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের চালক ভাঙ্গা পৌর এলাকার কুঠিবাড়ি চরকান্দা গ্রামের মো. আইউব আলী (২৫)। রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধর্মশী এলাকায় গত বুধবার বিকেলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্রজেন্দ্রনাথ বালা (২৫) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর থানার কৈজুরী গ্রামে। গাজীপুর: টঙ্গী-ঘোড়াশাল সড়কে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় গত মঙ্গলবার ভোরে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে স্বামী-স্ত্রী নিহত ও ৩০ জন আহত হন।নিহত ব্যক্তিরা হলেন, কাউসার ও তাঁর স্ত্রী রোজিনা আক্তার। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায়। হতাহত ব্যক্তিরা সবাই গাজীপুর সদরের বোর্ডবাজার এলাকায় বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক। ঈদ উপলক্ষে তাঁরা বাড়ি ফিরছিলেন। সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় খলিলনগর বাজারের পাশে গতকাল দুপুর দুইটার দিকে তালাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে সোহেল রানা (২৯) নামের এক ব্যক্তি নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। সোহেলের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে।ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের ভাটিয়ালপুর ভাঙাব্রিজ এলাকায় ঈদের দিন সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে একজন নিহত ও চারজন গুরুত আহত হন। নিহত ব্যক্তির নাম খোকন (৫০)। তাঁর বাড়ি উপজেলার দায়চারা গ্রামে। ফুলপুর (ময়মনসিংহ): ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলার ফতেরপুরে গতকাল সকালে একটি রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে আনোয়ার হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার খন্দকবাড়ি গ্রামে।পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের গিরিশ চৌধুরী বাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় একজন নির্মাণশ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মো. হাসান (২৫)। তাঁর বাড়ি উপজেলার পৌর এলাকার দক্ষিণ গোবিন্দাকিল গ্রামে।