সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে গতকাল শনিবার দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে মিজানুর রহমান মুনশি (৪০) ও সুমন ওরফে আকাশ (৩০) নিহত হয়েছেন। একই দিন রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেলি আক্তার (৩২) নামের মোটরসাইকেলের আরোহী এক নারী নিহত হয়েছেন।
নিহত মিজান মুকসুদপুর পৌর এলাকার প্রভাকরদি গ্রামের এবং সুমন নড়াইলের লোহাগড়া উপজেলার শিলার চর গ্রামের বাসিন্দা। আর শেলি আক্তারের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে।
মুকসুদপুরের রড ও সিমেন্ট ব্যবসায়ী মিজানুর রহমান গতকাল সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে মুকসুদপুর উপজেলা সদর থেকে কাশিয়ানী যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝিগাতি মোড়ে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে উভয় মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে তারা মারা যান।
শেলি আক্তার সকাল সাড়ে নয়টার দিকে স্বামীর সঙ্গে বাবার বাড়ি বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। পথে বালিয়াকান্দি-মধুখালী আঞ্চলিক সড়কের ইলিশকোল বোবার মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।