সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ও ঝালকাঠির রাজাপুর উপজেলায় গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনা নগরে দুই মৎস্যঘের ব্যবসায়ী রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই ব্যবসায়ী হলেন খুলনা নগরের রায়ের মহল পশ্চিম পাড়া এলাকার শেখ আবদুল আহাদ (৪২) ও ভূঁইয়া আবদুস সালাম (৫৬)। তাঁরা বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আকমানের মোড়ে পৌঁছালে ফুলতলাগামী একটি ব্যক্তিগত গাড়ি তাঁদের ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে সালামের মৃত্যু হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গতকাল দুপুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার উত্তর বাগড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় বাবুল হোসেন (৫০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আবুল কালাম (৩০) ও ইউসুফ আলী (৪০) নামের আরেক আরোহী। বাবুলের বাড়ি খুলনায়।

বরিশাল থেকে মামণি পরিবহন নামের বাসটি খুলনা যাচ্ছিল। বাসটি বেলা দুইটার দিকে উত্তর বাগড়ি এলাকায় ঝালকাঠিগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও দুই আরোহী আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন।