সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ভটভটি চালকসহ দুজন নিহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন একজন কৃষক।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
চুয়াডাঙ্গায় নিহত দুজন হলেন জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের একতারপুর গ্রামের শহিদ হোসেন (৫০) ও সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ বাজারের ভটভটিচালক আবদুল জলিল (৪৫)।
শহিদ হোসেন গতকাল দুপুর ১২টার দিকে জীবননগরের শিয়ালমারী পশুহাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। তখন যশোর থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অপরদিকে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ এলাকায় একটি ভটভটি (আলমসাধু) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন ভটভটির চালক আবদুল জলিল। মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রাজবাড়ীতে নিহত ব্যক্তি হলেন বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের মনোজ বালা (৫৫)। পেশায় কৃষক মনোজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ঢোলজানী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে নতুন ঘুরঘুরিয়ার হরমন্দিরের সামনে তাঁকে পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি মারা যান।