তিন জেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, অন্তত দুটি দুর্ঘটনায় দৃশ্যত চালকের অবহেলা বা অসতর্কতা দায়ী। এ নিয়ে গত ৪৭ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪৩১ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ-যশোর সড়কের ঝিনাইদহ লাউদিয়ায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার ভয়ে বাস থেকে লাফিয়ে পড়া এক চালকের সহকারী ট্রাকচাপায় প্রাণ হারান। সদর থানার এসআই বদিউর রহমান জানান, রূপসা পরিবহনের একটি বাস থেমে থাকা একটি গাড়িকে ওভারটেক করে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে একটি ট্রাক আসতে দেখে বাসটি দ্রুত রাস্তার ডানদিকে ঘুরিয়ে দেন চালক। আতঙ্কিত হয়ে বাস থেকে লাফিয়ে রাস্তায় পড়েন চালকের সহকারী আজাদ হোসেন (৩২)। কিন্তু বিপরীত দিক থেকে আসা ট্রাকটি মুহূর্তেই তাঁকে চাপা দিয়ে চলে যায়।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজাদ হোসেন মারা যান। তাঁর বাড়ি যশোর কোতোয়ালি থানার বেজপাড়া এলাকায়।
চালবোঝাই একটি ট্রাক যশোর থেকে শরীয়তপুরের পালং বাজারে যাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন চালক ইয়াসিন মুন্না। এ অবস্থায় ট্রাকটি ঢুকে যায় একটি দোকানের ভেতর। এ ঘটনায় ফজলুল হক সরদার (৬০) নামের এক পথচারী নিহত হন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের ঋষিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি শরীয়তপুর পৌরসভার ঋষিপাড়ার বাসিন্দা। তিনি ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছিলেন।
শরীয়তপুর সদরের পালং মডেল থানা সূত্র জানায়, মামলা হয়েছে। পুলিশ ট্রাকটির চালককে গ্রেপ্তার করেছে। সদর থানায় বসে ট্রাকের চালক ইয়াসিন মুন্না বলেন, ‘সারা রাত জেগে গাড়ি চালিয়েছি। হঠাৎ ঘুমিয়ে যাই। তাই এ দুর্ঘটনা ঘটেছে।’ পালং মডেল থানার ওসি খলিলুর রহমান বলেন, চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে ফরিদপুরের ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন মো. সুজন (৩৫) নামের এক ট্রাকচালক। গতকাল ভোরে ভাঙা পৌরসভার কৈডুবীতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।