সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গত মঙ্গলবার ও গতকাল বুধবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দীন জানান, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কর্ডার মোড়সংলগ্ন মুলিবাড়ি রেলক্রসিংয়ের অদূরে ডিগ্রিরচরে একটি বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক মোয়াজ্জেম হোসেন (২৮) ও তাঁর সহকারী দুলাল (৩০) নিহত হন। তাঁদের বাড়ি বগুড়ার মাটির ডালি ও শেরপুর এলাকায়। এ সময় বাসের ১০ জন যাত্রী আহত হয়। পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠায়। বাস ও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে ভোর চারটা থেকে সকাল ছয়টা পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটে।অপর দিকে গতকাল বুধবার মধ্যরাতে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ঘুড়কায় ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় একজন গুরুতর আহত হন। পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তির পর ভোরে তাঁর মৃত্যু হয়।