সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দুই কর্মচারী নিহত হয়েছেন। একই দিন চুয়াডাঙ্গায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন রাজবাড়ী সওজ বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারী আবদুস সালাম প্রধান (৪২) ও আইয়ুব আলী (৪৫)। চুয়াডাঙ্গায় নিহত ব্যক্তি হলেন ট্রলির চালক মাহবুব হোসেন (৩৫)।

রাজবাড়ী সওজের উপসহকারী প্রকৌশলী মীর্জা কবীর বলেন, ওই দুই কর্মচারী দৌলতদিয়া ঘাট এলাকায় রাস্তার কাজ দেখে মোটরসাইকেলে করে শহরের প্রধান কার্যালয়ে ফিরছিলেন। দৌলতদিয়া-খুলনা সড়কের খানখানাপুর ছোট সেতু এলাকায় কলকাতা থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়।

কুষ্টিয়ার জীবননগর থানার ওসি শিকদার মশিউর রহমান বলেন, গতকাল দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে আখ বিক্রি শেষে ট্রলি চালিয়ে মাহবুব বাড়ি ফিরছিলেন। চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে জীবননগরের সন্তোষপুর মোড়ে চুয়াডাঙ্গাগামী ট্রাকের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে চালক মাহবুব ঘটনাস্থলেই মারা যান।