সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গোপালগঞ্জ সদর উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক পিকআপচালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন।গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় ও চালকের সহকারী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের রুহুল আমিনের ছেলে পলাশ (১৯) নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের শাহরাস্তি উপজেলার আজাগরা এলাকায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে একটি বালুবাহী ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী হাজীগঞ্জ উপজেলার বাড্ডা গ্রামের জসিম উদ্দিন পাটওয়ারী (৫০) ও চালক সূচীপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মনির হোসেন (২৫) নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার অপর যাত্রী শাহরাস্তির শোরসাক গ্রামের মো. সুমন (২২) ও কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলমগীর হোসেন (৩৫) আহত হন। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। শাহরাস্তি থানার ওসি মোজাম্মেল হক জানান, এ ঘটনায় শাহরাস্তি থানার এসআই খোরশেদ আলম বাদী হয়ে একটি মামলা করেছেন।