সড়ক দুর্ঘটনায় নিহত ৩
আটপাড়া-নেত্রকোনা সড়কের নেত্রকোনার আটপাড়ার সুমাইখালী সেতুর ওপর গত শুক্রবার রাতে বরযাত্রীবাহী টেম্পোর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে কনের ভাইসহ দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে। এদিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার রাতে আটপাড়ার শুনই গ্রামে কনের বাড়িতে বিয়ে শেষে দুটি টেম্পোযোগে বারহাট্টার বোয়ালজানা গ্রামে ফিরছিল বরপক্ষ। এ সময় সুমাইখালী সেতুর ওপর আটপাড়াগামী একটি বাসের সঙ্গে বরযাত্রীবাহী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনের ভাই মাসুদ মিয়া (১৭) ঘটনাস্থলে ও বরযাত্রী সাবিনা আক্তার (৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। দুর্ঘটনায় আহত হন ছয়জন। আটপাড়া থানার ওসি সালেমুজ্জামান বলেন, বাস ও টেম্পো দুটি আটক করা রয়েছে। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচরে কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জগামী একটি বাসের সঙ্গে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী হোমনা উপজেলার ফরিদ মিয়া (৬৫)। দুর্ঘটনায় আহত হন পাঁচজন।